বাংলাদেশ সিরিজ নিয়ে ‘রোমাঞ্চিত’ হ্যাজেলউড

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম

পেশাদার ক্রিকেটে চার শতাধিক ম্যাচ খেলেছেন জশ হ্যাজেলউড। বিশ্বের নানা প্রান্তের সেরা সব ব্যাটসম্যানের শক্তি ও দুর্বলতা জানা অস্ট্রেলীয় এই ফাস্ট বোলারের। কিন্তু টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তি-দুর্বলতা সম্বন্ধে কতটুকু ধারণা আছে হ্যাজেলউডের? ভিডিও অ্যানালিস্টের তথ্যপঞ্জি নয়, সরাসরি মাঠে থেকে লড়াই বিবেচনায় টেস্টে মাত্র একবারই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন হ্যাজেলউড। সেটা ২০১৭ সালে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার ২০ রানে হারের ম্যাচ; যেখানে মোট ১৯.১ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন এই পেসার।

একে তো প্রতিপক্ষ নিয়ে তেমন একটা জানাশোনা নেই, তার ওপর প্রথম টেস্টের ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পিচের আচরণও অজানা হ্যাজেলউডের। হবে না কেন! অস্ট্রেলিয়ার এ মাঠে টেস্টই হয়েছে মাত্র দুটি আর এই দুই টেস্টের মধ্যে ব্যবধান ২২ বছরের। সব মিলিয়ে বেশ কিছু নতুন পরিস্থিতি হ্যাজেলউডের সামনে। কিন্তু জাত ক্রিকেটার বলেই হয়তো দুশ্চিন্তার বদলে রোমাঞ্চ ঝরল অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এ পেসারের কণ্ঠে।

‘সিরিজটা শুরু করার আগে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর’, ‘আনপ্লেয়েবল পডকাস্ট’কে হ্যাজেলউড বলেন। সেই রোমাঞ্চ কেমন, তা নিয়ে একটু ধারণাও দিলেন হ্যাজেলউড, ‘ভিডিও ফুটেজ তো অবশ্যই আছে, সেখান থেকে ব্যাটসম্যানদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিয়ে নতুন পরিকল্পনা সাজানোর প্রয়োজনও হতে পারে, যা সব সময়ই ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দেয়।’

হ্যাজেলউড টেস্টে নিজের পরিকল্পনা যতটা সম্ভব সাদামাটা রাখতেই পছন্দ করেন। মাঠে তাৎক্ষণিকভাবে কৌশল সাজানো কিংবা পাল্টানোর দরকার হলে ভিন্ন কথা। সেটাও তার কাছে বেশ রোমাঞ্চকর ব্যাপার, ‘(টেস্টে) পরিকল্পনাটা খুবই সাধারণ। আসল বিষয় হলো ঠিকঠাক বাস্তবায়ন এবং দীর্ঘ সময় ধরে সেটা ধরে রাখা। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের পরিস্থিতিতে খানিকটা পরিবর্তন আসতেই পারে, তবে মোটের ওপর এটি খুব সাধারণ একটি কৌশল।’ টি-টোয়েন্টির সঙ্গে পার্থক্য প্রসঙ্গে বললেন ৩৫ বছর বয়সী এই পেসার, ‘‘খাপ খাইয়ে নেওয়ার জন্য বেশ সময় পাওয়া যায়। প্রথম স্পেলের অর্ধেক পার করে মনে হতে পারে, অন্য কিছু চেষ্টা করা যাক।’ কিন্তু টি-টোয়েন্টিতে এ সময়টা পাওয়া যায় না...সামান্য ভুল হলেই বল গিয়ে পড়ে সীমানার বাইরে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত