স্পেনে মানবপাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

স্পেনের পুলিশ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত অন্যতম বৃহৎ একটি অপরাধচক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ আগস্ট) দেশটির পুলিশ জানায়, অভিযানে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১৮টি উচ্চগতির স্পিডবোট। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চক্রটি এসব স্পিডবোট ব্যবহার করে একদিকে এক্সট্যাসিসহ বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক পাচার করত, অন্যদিকে অভিবাসীদের স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও ইবিজা দ্বীপে নিয়ে আসত।

তদন্তকারীদের ধারণা, চক্রটি অন্তত ৬৪টি মানবপাচার অভিযানের মাধ্যমে ২ হাজারের বেশি অভিবাসীকে স্পেনে নিয়ে এসেছে। এসব কর্মকাণ্ড থেকে তারা ২ কোটি ৪০ লাখ ইউরোরও বেশি অবৈধ মুনাফা করেছে।

পুলিশ জানায়, এসব সমুদ্রযাত্রা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিবাসীদের গাদাগাদি করে উচ্চগতির নৌকায় উত্তাল সমুদ্র পাড়ি দিতে বাধ্য করা হতো। অনেক ক্ষেত্রে যাত্রাপথে পানিতে পড়ে যাওয়া ঠেকাতে যাত্রীদের বেঁধেও রাখা হতো।

তদন্তে আরও জানা গেছে, প্রতিজন অভিবাসীর কাছ থেকে সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো। কোনো কোনো যাত্রায় একসঙ্গে ৫০ জন পর্যন্ত অভিবাসীকে বহন করা হয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে চক্রটির চারজন শীর্ষ নেতাও রয়েছেন।

অভিযানে পাঁচ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ১৮টি উচ্চগতির স্পিডবোট জব্দ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোল এবং ফ্রান্স, পর্তুগাল ও পোল্যান্ডের পুলিশ বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

স্পেনে সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনের বড় অংশই পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে আসে। তবে সাম্প্রতিক মাসগুলোতে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীর সংখ্যা কমলেও আলজেরিয়া থেকে স্পেনের পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে অনিয়মিত অভিবাসন বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত