সাভারে পুলিশের তাড়া খেয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ার হোসেন বকশী। গত বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা বিপিএটিসির নিরাপত্তাকর্মী জাফর আলী জানান, গভীর রাতে পুলিশের একটি দল এসে তাদের ৫ তলা ভবনের ৪ তলায় প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করে। এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এ ঘটনার কিছুক্ষণ পরই বিকট শব্দে বাসার নিচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নিচে নেমে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। এ দৃশ্য দেখার পর পুলিশ ঘটনাস্থলে না দাঁড়িয়ে এবং তাকে উদ্ধার না করে তড়িঘড়ি স্থান ত্যাগ করে। পরবর্তী সময়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার থানা সূত্রে জানা যায়, এক তরুণীকে অপহরণ করার ঘটনায় শাহরিয়ার কবির সৌমিকের বিরুদ্ধে রংপুরের পীরগাছা থানায় মামলা হয়েছে। এ মামলায় সৌমিকের মামা মনোয়ার হোসেন বকশীও আসামি ছিলেন। পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মন সাভার মডেল থানার এক এসআইকে নিয়ে আসামিকে ধরতে গিয়েছিলেন। পরবর্তী সময়ে আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, ‘অবিলম্বে মনোয়ার হোসেন বকশী হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
