নারায়ণগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়াবাড়িতে ঘটনাটি ঘটে। দগ্ধদের গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রি মাইদুলের ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মাইদুল ছাড়াও মারাত্মক দগ্ধ হন তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ৮ বছর বয়সী শিশুসন্তান মারুফ। আগুনে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেকোনোভাবে ঘরটিতে গ্যাস লিকেজ হয়ে জমাট বাঁধে। শুক্রবার ভোরে ঘরের বাসিন্দা মাইদুল যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যান, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
