বিজয়-সঙ্গীতার ডিভোর্স মামলায় নয়া মোড়

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

অভিনেতা থেকে সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে তৈরি হওয়া জল্পনায় এবার নতুন মোড়। স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গম তার করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার ( ৭ আগস্ট ) আদালতে শুনানির পর মামলাটি প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেননি সঙ্গীতা। 

জানা গেছে, চেঙ্গলপট্টু ফ্যামিলি ওয়েলফেয়ার কোর্টে চলছিল বিজয় ও সঙ্গীতার বিবাহবিচ্ছেদের মামলা। শুনানির দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হন সঙ্গীতা। বিচারপতিকে তিনি জানান, আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। এরপর সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি বন্ধ করে দেয়। 

চলতি বছরের গোড়ায় সঙ্গীতার করা বিবাহবিচ্ছেদের আবেদন ঘিরে তামিল রাজনীতি ও বিনোদন জগতে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে বিজয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা দাবি সামনে আসে। তবে এসব দাবির সবকটির স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি। 

মামলা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি দাম্পত্য সম্পর্কে ফের সমঝোতা হয়েছে? নাকি পারিবারিক কিংবা অন্য কোনও ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত? আপাতত এর কোনও উত্তর নিশ্চিত নয়। বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ্য বিবৃতি পাওয়া যায়নি। 

সূত্রের খবর, বিজয়ের আইনজীবীর পক্ষ থেকেও মামলা প্রত্যাহারে কোনও আপত্তি জানানো হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলেও শোনা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত