ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন ও অর্নব ইসলাম (১৩) নামের দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রহিমানপুর ইউনিয়নের আবুল হোসেন (৬০) ও বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)।
স্থানীয়রা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের আরোহী অর্নব ইসলাম মারা যান। এঘটনায় আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
