গাজীপুরের শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশন এলাকার আউটার সিগন্যাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার ও তার স্বামী আল আমিন। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গতকাল বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর যুবক-যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
স্বজনদের দাবি, সম্প্রতি রিনা ও আল আমিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তাদের ধারণা, পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
