রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন , পৃথিবীর কোনো দেশে ‘পুলিশিং’ করে বাড়িঘর তৈরি করা সম্ভব নয়। বিল্ডিং নির্মাণে প্ল্যান বা ডিজাইন তো আপনাদেও কাছ থেকেই আসে, রাজউক শুধু অনুমোদন দেয়। একটা বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটলে তারা আবার চুরি করে লাগায়, কোর্টে যায়। তাহলে প্রতিটি বাড়ির পেছনে কি আমাকে একজন করে ইন্সপেক্টর লাগিয়ে রাখতে হবে? এত লাখ লাখ ইন্সপেক্টর আমি কোথায় পাব?
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ডুরা সংলাপ : ভূমিকম্প ঝুঁকিতে দেশ : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী।
ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, পরিকল্পিত নগরায়ণ বা আবাসন নিয়ে রাজউক কাজ করে। শুরু থেকেই এ সেক্টরের অবস্থা এমন। আমি কাউকে দোষারোপ করতে চাই না। হয়তো কোনো একসময় অনিয়ম বেশি হয়েছে। তবে ধারাবাহিকভাবেই আজকের এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, একসময় শুধু আর্কিটেকচারাল প্ল্যান দিয়েই বিল্ডিং হয়ে যেত। ফায়ার সেফটি, ইলেকট্রো-মেকানিক্যাল বা সিভিল স্ট্রাকচারাল ড্রয়িং লাগত না। এ পরিস্থিতিই তখন ছিল। কিন্তু এখন সেই ত্রুটিগুলো অপসারণ করার বা সংস্কারের দায়িত্ব আমাদের ওপর এসেছে। রাজউক চেয়ারম্যান বলেন, রাজধানীতে বিপুলসংখ্যক ভবন রয়েছে। এসব ভবনের ঝুঁকি একসঙ্গে নিরূপণ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে র্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ ও সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় গবেষণাও করা হবে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে শুধু রাজউককে দায়ী করলে হবে না। সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি কার্যকর সিটি গভর্নমেন্ট ব্যবস্থা থাকলে নগর ব্যবস্থাপনার বিভিন্ন কাজ আরও সহজ ও সমন্বিতভাবে করা সম্ভব।
