এবারই প্রথমবার এএফসি মঞ্চে খেলতে নামে ফর্টিজ এফসি। সেখানে অভিষেকটা স্মরণীয় করে রেখেছে তারা। কিরগিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে উঠেছে এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে। ফর্টিজকে পরের রাউন্ডে তোলার নায়ক মোহাম্মদ ইব্রাহীম। দারুণ জয়ের পর নায়ক ইব্রাহিম বলেন, ‘মনে হয়েছে দেশের জন্য খেলছি।’
মঙ্গলবার দুপুরে বসুন্ধরা কিংস অ্যারেনায় ইব্রাহীমের একমাত্র গোলে জয় পেয়েছে ফর্টিজ। জয়ের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে ইব্রাহীম বলেছেন, ‘আমার মাথায় এটা ছিল না যে ফর্টিজের হয়ে খেলছি। মনে হয়েছে, দেশের জন্য খেলছি। এখানে দেশটাই বড়। দেশের হয়ে অবদান রেখে গোল করতে পেরে ভীষণ ভালো লাগছে।’
এদিন ম্যাচের ৫২ মিনিটে পা ওমর বাবু অনেকটা এগিয়ে থ্রু বাড়ান ইব্রাহিমকে। ডান পায়ে আলতো ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের গড়ানো শটে জাল কাঁপান ইব্রাহীম। এই গোল নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগেও গোল করেছি। এটি সেরা গোল নয়, তবে এই ম্যাচ ও মুহূর্তটির গুরুত্ব আমার কাছে অনেক বেশি। কোচ আমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। আমি সেই বিশ্বাস রেখেই নিজের সেরাটা উজাড় করে খেলেছি।’
ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিজ