ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

বৃষ্টি হলেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি-আমতলী এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া খানাখন্দে পানি জমে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। 

সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দিনভর থেকে থেকে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা চরম ভোগান্ত পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি-আমতলী এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ধীরগতির সংস্কারকাজের মধ্যেই টানা বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। 

সোমবার রাত নয়টার দিকে অতিবৃষ্টির কারণে ভাঙা অংশে পানি জমলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং রাতভর জটলা লেগে থাকে। মঙ্গলবার দিনভরও এই অংশে ধীরগতিতে যানবাহন চলেছে।

যানবাহন চালকদের অভিযোগ, খানাখন্দগুলোতে সওজ থেকে ইট-বালু দিয়ে জরুরি মেরামতের চেষ্টা করা হলেও বৃষ্টি হলেই তা আবার ধুয়ে পানি জমে যাচ্ছে। ফলে গাড়ি আটকে গিয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা থেকে বাসে ঢাকায় রওনা হওয়া যাত্রী আব্দুল গফুর বলেন, শাসনগাছা থেকে সকালে ঢাকার বাস ছেড়ে ময়নামতি পৌঁছাতে যেখানে স্বাভাবিক সময়ে ১০ মিনিট লাগে, সেখানে মঙ্গলবার সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, সোমবার রাতে বৃষ্টির কারণে মহাসড়কে যানজট দেখা দিলে আমরা সারারাত রাস্তায় কাজ করেছি। মঙ্গলবার দিনভরও ধীরগতিতে গাড়ি চলেছে। ভাঙা সড়ক পুরোপুরি মেরামত করা না হলে যাত্রীদের এই ভোগান্তি কমবে না।

এদিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, ময়নামতি সংলগ্ন আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটার ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার কাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি কমলে স্থায়ী মেরামতের কাজ করা হবে।

সওজের গৌরীপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা জানান, বৃষ্টির কারণে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এই যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি মেরামত করে সড়ক সচল রাখার কাজ চলছে।

তিনি আরও বলেন, সড়কটি স্থায়ীভাবে নতুন করে ঢালাইয়ের জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে। বৃষ্টিপাত কমে এলেই স্থায়ী সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত