নাহিদ না থাকায় স্বস্তি অস্ট্রেলিয়ার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারতেন নাহিদ রানা। ১৪০-১৪৫ কিলোমিটারের বেশি গতির সঙ্গে আগ্রাসন আর ব্যাটারকে চাপে রাখার সামর্থ্য আছে এই তরুণের। কিন্তু চোটের কারণে ডারউইন টেস্ট তো বটেই, দুই ম্যাচের সিরিজ থেকেই ছিটকে গেছেন ডানহাতি পেসার। তার অনুপস্থিতিতে স্বস্তি খুঁজে নিচ্ছে অজিরা। প্রতিপক্ষের এই গতি-তারকাকে হারানো বাংলাদেশের জন্য যে বড় ধাক্কা হিসেবেই দেখছেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার।

ডারউইনে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েবস্টার বলেছেন, ‘হ্যাঁ, প্রতিপক্ষের কেউ যখন ১৪০ কিলোমিটার বা এরও বেশি গতিতে বল করে, আপনি অবশ্যই এমন ভয়ঙ্কর কাউকে খেলতে চাইবেন না। ওয়ানডে সিরিজে ওর বিরুদ্ধে যারা খেলেছে, তারা বলেছিল সে কতটা আগ্রাসী এবং ব্যাটারদের কীভাবে চাপে রাখে। তাকে পেস আক্রমণে না পাওয়া বাংলাদেশের জন্য কঠিন ব্যাপার।’ এমনিতেই ডারউইনের কন্ডিশন নিয়ে চাপে আছে স্বাগতিকরা। ২০০৪ সালের পর এই মাঠে আর টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ২২ বছর পর প্রত্যাবর্তন টেস্টের উইকেট কেমন আচরণ করবে, সেটা নিয়ে ভাবতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে নাহিদের মতো গতি তারকা না থাকায় সুবিধা দেখছেন ওয়েবস্টার, ‘কন্ডিশন একটু অচেনা, সেদিক থেকে আমরা ভাগ্যবান। কারণ এই কন্ডিশনে তাদের বোলাররা কেমন করবে, তা নিয়ে ধারণা কম।’

সাধারণত টেস্ট শুরুর দুয়েক দিন আগে একাদশ জানিয়ে দেয় অস্ট্রেলিয়া। তবে গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটা দেখা যায়নি। একই ভূমিকায় সুযোগ পাওয়া ক্যামেরন গ্রিন ও ওয়েবস্টারের মধ্যে একজন খেলবেন, নাকি দুজনকেই রেখে বাড়তি ব্যাটসম্যানের জায়গা ছেড়ে দেওয়া হবে এখন মূল প্রশ্ন সেটিই। সম্প্রতি ফিল্ডিং অনুশীলনে প্রথম সিøপে ওয়েবস্টারকে দেখা যাওয়ায় অবশ্য গ্রিন ও তাকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাই জোরালো হয়েছে। দুজনকেই একাদশে রাখার পক্ষে ওয়েবস্টার, ‘না পারার কারণ দেখি না। প্রথম সাতজনের মধ্যে বল হাতে আরও বিকল্প থাকাটা অবশ্যই একটি বড় সুবিধা এবং আমি এটাকে সরাসরি প্রতিযোগিতা হিসেবে দেখি না।’

অস্ট্রেলিয়ার হয়ে আটটি টেস্ট খেলা ওয়েবস্টার পাঁচ ফিফটিতে ৪১.০৯ গড়ে ৫৩৪ রানের সঙ্গে ১১টি উইকেট নিয়েছেন। সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করায় একাদশ থেকে বাদ পড়া কঠিন করে তোলাই এখন তার, ‘আমি শুধু আমার কাজটা করতে পেরে এবং একাদশ থেকে বাদ পড়া কঠিন করে তুলতে পেরে খুশি; সেটা ব্যাট বা বল, যেভাবেই হোক না কেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে তার প্রত্যাশাও কম নয়, ‘রোমাঞ্চকর টেস্ট হতে যাচ্ছে। প্রচুর দর্শক আসবে। অন্যান্য টেস্টের মতো এই টেস্ট ঘিরেও গত কয়েক দিন ধরেই উন্মাদনা কাজ করছে। আশা করছি ভালো একটা উইকেট থাকবে, যেখানে ব্যাটে-বলে দারুণ লড়াই হবে। এবং কোনো সন্দেহ নেই, আমরা চালকের আসনে থাকতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত