মনির খানের অন্যরকম রেকর্ড

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

জনপ্রিয় গায়ক মনির খান এবার গড়লেন অন্যরকম এক রেকর্ড। ১০ বছর আগে ২০১৬ সালে  যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান। 

দশ বছর পর এই পথচলার মাইলফলক স্পর্শ করে দারুণ এক অর্জনও ঘরে তুললেন তিনি। ইউটিউবে ৩০ লাখ বা ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন মনির খান। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই মাইলফলক অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপন করা হয়। 

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড। 

নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত