দক্ষিণ আমেরিকার বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ব্রাজিলের সাউ পাওলোতে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের হোম ডেকর, লাইফস্টাইল ও প্রাকৃতিক উপকরণভিত্তিক পণ্য তুলে ধরা হচ্ছে।
ব্রাজিলের অন্যতম বৃহৎ প্রদর্শনী কেন্দ্র ডিস্ট্রিটো আনহেম্বি, পাওলোতে শুরু হওয়া এ মেলার পর্দা নামবে আজ। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক প্ল্যাটফর্মে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথের মাধ্যমে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।
এ ছাড়াও একটি পৃথক বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তথ্যসমৃদ্ধ ব্রোশিওর, লিফলেট, বিভিন্ন প্রকাশনা এবং দেশের রপ্তানি খাতের অগ্রগতি তুলে ধরা ডকুমেন্টারি প্রদর্শন করছে।
মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো দেশের ঐতিহ্য ও সৃজনশীলতার প্রতিফলন হিসেবে প্রদর্শন করছে পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, ন্যাচারাল ফাইবার বাস্কেট, হোম ডেকর সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা, ক্লে পণ্য এবং নকশিকাঁথা। এসব পরিবেশবান্ধব ও হাতে তৈরি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিশেষ আগ্রহ তৈরি করছে।
গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তারা, ব্রাজিলের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই বাংলাদেশি স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।