বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সম্প্রসারণ, পেমেন্ট অবকাঠামোর নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের বৈঠক হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ এবং পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ ও আধুনিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর বিষয়টি। বিশেষ করে ‘টাকা-পে’সহ দেশীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর ও বিস্তৃত করার ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং উদ্ভাবনী পেমেন্ট সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকি ও প্রতারণা মোকাবিলায় পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও বৈঠকে উঠে আসে।
বৈঠকে পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা, গ্রাহকের লেনদেনের তথ্য সুরক্ষা এবং ডিজিটাল লেনদেনে আস্থার পরিবেশ তৈরির বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের পেমেন্ট খাতের সম্ভাবনা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ‘বাংলা কিউআর’সহ দেশীয় পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ রয়েছে। ফলে আন্তর্জাতিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও সহযোগিতা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।