গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহারকারীর সংখ্যায় নতুন মাইলফলক অর্জন করেছে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, বিশ^জুড়ে প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ এখন জেমিনি ব্যবহার করছেন। গুগলের এআই ব্যবসার জন্য এটিকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সুন্দর পিচাইয়ের তথ্য অনুযায়ী, জেমিনি গুগলের ১৪তম পণ্য, যা মাসিক ১০০ কোটি ব্যবহারকারীর সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে গুগলের ইতিহাসে তুলনামূলক দ্রুত সময়ে এই মাইলফলকে পৌঁছানো সেবাগুলোর মধ্যে জেমিনি অন্যতম। তবে এই হিসাব শুধু জেমিনির আলাদা অ্যাপের ব্যবহারকারীদের নিয়ে করা হয়নি। গুগলের বিভিন্ন জনপ্রিয় সেবা ও প্ল্যাটফর্মে যুক্ত থাকা জেমিনির বিভিন্ন ফিচারের ব্যবহারও এর মধ্যে অন্তর্ভুক্ত। সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবসহ একাধিক সেবায় জেমিনির সুবিধাযুক্ত হওয়ায় বিপুলসংখ্যক ব্যবহারকারী সহজেই এআই ফিচার ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এদিকে জেমিনির সাফল্যের পাশাপাশি গুগলের এআই বিভাগে বেশ কিছু পরিবর্তনও এসেছে। শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও গবেষকের দায়িত্ব পরিবর্তন এবং প্রতিষ্ঠান ছাড়ার খবর আলোচনায় রয়েছে। অন্যদিকে এআই বাজারের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও বড় ব্যবহারকারীভিত্তি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্ল্যাটফর্মে মোট ব্যবহারকারী এক বিলিয়নে পৌঁছানোর তথ্য ইতোমধ্যে জানানো হয়েছে।