আউটের পর এমন কী করেছিলেন হেড যা দেখে হতবাক গিলক্রিস্ট! 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই পূর্ণ শক্তির দলের বিপক্ষে লাল বলের ক্রিকেটে টাইগারদের দাপট দেখে রীতিমতো ঘোরের মধ্যে পড়ে গেছে স্বাগতিকরা। ডারউইনে চলা এই টেস্ট ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত বোলিং তোপে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসলেন অজি ব্যাটাররা। কখনো চরম হতাশায় প্রতিপক্ষ খেলোয়াড়ের নিজেই স্টাম্প সাজানোর দৃশ্য, আবার কখনো নিখুঁত বলেও বেল না পড়ার দুর্ভাগ্যের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব, যা নিয়ে ধারাভাষ্যকক্ষেও শুরু হয়েছে তুমুল আলোচনা।

ম্যাচে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের কাছে দুই ইনিংসেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড। কিন্তু দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর অজি ওপেনার যা করলেন, তা দেখে ধারাভাষ্যকারদের চোখ ছানাবড়া হয়ে যায়। চরম হতাশা ও এক অদ্ভুত মানসিক অবস্থার মধ্যে পড়ে মাঠ ছাড়ার আগে হেড নিজেই বেল তুলে সযত্নে স্টাম্পের মাথায় আবার বসিয়ে দেন। ধারাভাষ্যকক্ষে চরম বিস্ময় প্রকাশ করে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘এটা অবিশ্বাস্য! আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে বেলগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে।’

তার সঙ্গে সুর মিলিয়ে আরেক সাবেক অজি তারকা মার্ক ওয়াহ ধারাভাষ্যে বলেন, ‘বেশিরভাগ ব্যাটারই স্টাম্প ফেলে দেয়, বেলস আবার লাগিয়ে দেয় না।’

তাসকিন বল স্টাম্প ছুঁয়ে গেলেও বেলগুলো পড়েনি, ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

হেডের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩১তম ওভারে দেখা দেয় আরেকটি নাটকীয় মুহূর্ত। তাসকিন আহমেদের ওভারের পঞ্চম বলটি ক্যামেরন গ্রিনের ব্যাটের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত হানে, যা দেখে নিশ্চিত উইকেটের উল্লাসের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু বল স্টাম্পে আলতো ছোঁয়া দিয়ে গেলেও আশ্চর্যের বিষয় হলো বেল একটিও নিচে পড়েনি!

রিপ্লেতে বল লেগ স্টাম্প স্পর্শ করার বিষয়টি পরিষ্কার দেখা গেলেও দুর্ভাগ্যের শিকার হন পেসার তাসকিন। মাঠের এমন অদ্ভুত কান্ড দেখে ধারাভাষ্যকক্ষে সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যালিসা হিলি রসিকতা করে বলেই ফেলেন, ‘ট্র্যাভিস হেড কি সেগুলোতে (বেলস) আঠা লাগিয়ে গিয়েছিল।’


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত