ট্যাপ করলেই শব্দ বাজবে এমন নতুন সাউন্ড স্টিকার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে ভিডিওর মূল অডিও, ভয়েস নোট বা পছন্দের শব্দ যোগ করে চ্যাটিংকে আরও প্রাণবন্ত করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট। হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে এ নতুন ফিচার যোগ করেছে মেসেজিং অ্যাপটি, যা বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।
এরই মধ্যে হোয়াটসঅ্যাপে নিজের মতো করে স্টিকার বা অ্যানিমেটেড স্টিকারও তৈরি করা যায়। নতুন ফিচারটিও প্রায় একই রকম। তবে এতে অডিও বা শব্দও যোগ করা যাবে। এর ফলে ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার সুবাদে আবারও আলোচনায় আসা জশ হাচারসনের ‘হুইসেল এডিট মিম’-এর মতো জনপ্রিয় বিভিন্ন ভিডিও ক্লিপ সহজেই নতুনরূপে তৈরি করার সুযোগ মিলবে।
ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুসারে, সাউন্ড স্টিকার ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা আপডেটের অংশ। ব্যবহারকারী ফিচারটি পরখ করে দেখতে চাইলে গুগল প্লের মাধ্যমে অ্যাপটির পরীক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারেন। সাউন্ড স্টিকার তৈরি করতে একটি চ্যাটিং খুলে স্টিকার আইকনে ট্যাপ করুন ও এরপর ‘ক্রিয়েট স্টিকার’-এ ট্যাপ করুন। সেখান থেকে লাইব্রেরির একটি ভিডিও বেছে নিলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেটাকে স্টিকারে রূপান্তর করবে।
এবার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকনটি দেখতে পাবেন। নতুন ‘অ্যাড সাউন্ড’ স্ক্রিনটি খুলতে এতে ট্যাপ করুন। সেখান থেকে ভিডিওর মূল অডিও রাখতে, ভয়েস নোট বা নিজের পছন্দের অন্য কোনো কাস্টম শব্দ রেকর্ড করতে বা ফোনে সংরক্ষিত কোনো অডিও ফাইল বেছে নিতে পারেন। কাজ শেষ হলে সাউন্ড স্টিকারটি সেইভ করে যতজনকে খুশি পাঠানো যাবে। ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বিটা পরীক্ষক হয়ে থাকলেও এখনই তা ব্যবহারের সুযোগ নাও পেতে পারেন। ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হবে কি না সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।