চট্টগ্রামে বাণিজ্য মেলার উদ্বোধনে অর্থমন্ত্রী

‘অর্থনীতি একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল, সেখান থেকে বেরোনোর চেষ্টা চলছে’

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

দেশের অর্থনীতি গত কয়েক মাস ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল উল্লেখ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

শুক্রবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর কাজ চলছে। দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে যেকোনো ধরনের দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, কার্গো ভিলেজ ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতা ও প্রতিযোগিতার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম- ০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ব্যবসায়ীদের যেকোনো ধরনের হয়রানি বন্ধে একটি সুস্থ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। 

অপর বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী এখন আর কেবল একটি দলের নেতা নন, তিনি সবার এবং তাকে ঘিরে চট্টগ্রামবাসী নতুন স্বপ্ন দেখছে। বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মানুষ সম্মিলিতভাবে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রামকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

চিটাগং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও মশিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আবুল হাসেম বক্কর, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দুই বছর বিরতির পর বন্দরনগরীতে আবারও বসা এই মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তবে উদ্বোধন হলেও এখনও মেলা পুরোদমে চালু হয়নি। প্রথম দিনে এখনো অনেক স্টলের সাজসজ্জার কাজ চলতে দেখা গেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নতুন লে-আউটের পাশাপাশি পর্যাপ্ত বসার স্থান, ছাউনি ও ক্যানোপি, ফুডজোন, নামাজের স্থান এবং শিশুদের বিনোদনের জন্য দুটি প্লে-জোন রাখা হয়েছে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দিয়েছে চেম্বার কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত