হামাসের সঙ্গে বিরল বৈঠকে কুশনার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

গাজায় থমকে থাকা যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নিতে নতুন কূটনৈতিক প্রচেষ্টায় রবিবার (১৬ আগস্ট) মিসরে হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বিরল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনার। এরপরে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। নতুন ১৫ দফা মার্কিন-সমর্থিত রোডম্যাপ প্রত্যাখ্যান করায় নেতানিয়াহু এখন চাপের মুখে রয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। 

আলোচনার মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্রীকরণ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনাটি এগিয়ে নেওয়া। 

আঞ্চলিক ও হামাসের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রবিবার মিসরে কুশনার ও হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়ার মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে কুশনার ছাড়াও গাজার জন্য ট্রাম্পের 'বোর্ড অব পিস'-এর দূত নিকোলায় ম্লাদেনভ এবং মধ্যস্থতাকারী দেশ মিসর, কাতার ও তুরস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হামাসের সঙ্গে কুশনারের এটি দ্বিতীয়বারের মতো জানা বৈঠক।

পরে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতি তদারকিতে যুক্তরাষ্ট্র-গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতি ইসরায়েলকে পরবর্তী ধাপের রোডম্যাপ অনুমোদনে বাধ্য করার আহ্বান জানায়।

এই উদ্যোগের সঙ্গে গাজার প্রায় ২০ লাখ মানুষের জীবন এবং যুদ্ধের কারণে বিপর্যস্ত ও ঘনবসতিপূর্ণ উপত্যকাটির পুনর্গঠনের বিষয় জড়িত। যুদ্ধবিরতির পর বড় ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়ার ১০ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও গাজা এখনো মূলত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত বছর মিসরে কুশনার, মার্কিন দূত স্টিভ উইটকফ ও হামাস নেতাদের বৈঠক থেকেই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পথ তৈরি হয়েছিল। তবে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী অগ্রগতি থমকে যায়।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে অগ্রসর হলে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করবে। পাশাপাশি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করবে। হামাস পরিকল্পনাটিতে সম্মতি জানিয়েছে বলে দাবি করলেও তারা বলেছে, ইসরায়েলকে আগে নিজেদের প্রতিশ্রুতি—বিশেষ করে সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের বিষয়—বাস্তবায়ন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত