শাহজালালে ত্রিমুখী অভিযান

প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম, সিগারেট ও মদ আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তিনটি পৃথক অভিযানে ৩৪৯ কার্টন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং এক লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

সিআইআইডি জানায়, আজ সোমবার ও গত ১১ আগস্ট দুবাই থেকে আসা দুটি ফ্লাইট এবং বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে চালানো অভিযানে এসব পণ্য আটক করা হয়। জব্দ পণ্যের শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা, যার বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা।

সোমবার দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮২ ও ইকে৫৮৬ ফ্লাইটে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন বিদেশি সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ জব্দ করে সিআইআইডির এ-শিফট।

এই চালানে সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।

এ ছাড়া এদিন ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযানে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের একটি চালান আটক করা হয়। শুধু এ চালানের বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে গত ১১ আগস্ট দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১৭৯ কার্টন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়।

এই চালানের সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। শুল্ক-করসহ এ চালানের মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি এবং ঝুঁকিভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত