বনানীতে মিছিলের প্রস্তুতিকালে আটক ৭ আ. লীগ কর্মী

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ৭ আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২:২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মোঃ আরিফ (১৯), মোঃ শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত শিশু ০৪ জন। 

বনানী থানা সূত্রে জানা যায়, বনানী থানা পুলিশের একটি টিম জানতে পায় সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত