নাটোরে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:০১ এএম

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নাটোরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের প্রধান মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন ইয়াহিয়া বলেন, বাংলাদেশের মৎস্য খাতে অপার সম্ভাবনা রয়েছে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, ‘এখন মাছের প্রজনন মৌসুম। একটি মা মাছ হাজার হাজার ডিম দেয়। তাই ডিম ছাড়ার সময়ে মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। মা মাছ রক্ষা করা গেলে দেশে মাছের উৎপাদন আরও বাড়বে এবং বাংলাদেশ মৎস্যসম্পদে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।

মতবিনিময় সভায় নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার, মৎস্যজীবী শহীদুল, মৎস্যচাষী মো. আব্দুস সালামসহ  বিভিন্ন মৎস চাষীরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা, মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা এবং মৎস্যচাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত