লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো ধানের সংগ্রহ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

চালের সংগ্রহ এখনো পুরোপুরি না হলেও নির্ধারিত সময়ের আগেই এবার ধান কেনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে খাদ্য অধিদপ্তর। ধারণক্ষমতার বেশি খাদ্যশস্য জমে যাওয়ায় চালের সংগ্রহে খানিকটা ধীরগতিতে করা হচ্ছে বলে জানা গেছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সরকারি খাদ্যশস্য মজুদের সবচেয়ে বড় অংশটি আসে বোরো ধান থেকে। ফলে সরকারের এ মজুদ দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাদ্য অধিদপ্তর বলছে, গত ১৬ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ১৪০ মেট্রিক টন। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ মেট্রিক টনের। এ ছাড়া সিদ্ধ চাল ১২ লাখ টন লক্ষমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ১১ লাখ ৯ হাজার ৫৬৯ টন। এক লাখের জায়গায় এ পর্যন্ত আতপ চাল এসে ৯০ হাজার ৫৯৫ টন। জানা গেছে, এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হবে। কারণ সরকারের গুদামে এখন জায়গা নেই।

সরকার এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করছে।

খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ বিভাগ) মো. মনিরুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দাম কৃষকদের কাছে লাভজনক হওয়ার পাশাপাশি বেশ কিছু উদ্যোগের সুফল মিলেছে এবার বোরো সংগ্রহে। যে কারণে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়েছে। শুধু পূরণ হয়েছে তাই নয়, এটা এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কেনা হয়েছে।

তিনি বলেন, আমাদের বস্তা ও মজুদ সক্ষমতা কম থাকার পরও কৃষকের ধান ফিরিয়ে দেওয়া হয়নি। কৃষকের বস্তায়ও চাল নেওয়া হয়েছে, যা পরবর্তিতে সরকারি বস্তায় মজুদ হয়েছে। এ ছাড়া অধিক সংগ্রহের কথা বিবেচনা করে জটিল নিয়ম শিথিলের পদক্ষেপও নেওয়া হয়েছিল।

খাদ্য বিভাগ বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম বড় সংগ্রহ কর্মসূচি। এর আগে অধিকাংশ সময় বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। যে কারণে আমদানি নির্ভরতা বেড়েছিল বেশ কয়েক বছর।

এবার সংগ্রহ অভিযানের শুরুতেই বন্যায় হাওরের প্রায় ৪৯ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়, এ ক্ষতির পরিমাণ চালের হিসাবে দাঁড়ায় প্রায় ২ লাখ ১৪ হাজার টন, যা বোরো মৌসুমের মোট উৎপাদনের ১ শতাংশের মতো। এরপর হাওরের বাইরেও দেশের বিভিন্ন এলাকায়ও অতিবৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়। এ কারণে লক্ষ্যমাত্রা অর্জন ছিল চ্যালেঞ্জিং।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী এখন দেশে সর্বোচ্চ খাদ্যশষ্য মজুদ রয়েছে। এখন সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২৪ লাখ ২ হাজার ৪২০ টন। এর মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৮১ হাজার ৬৯ টন, গম ২ লাখ ৪৯ হাজার ৫৩৫ টন এবং ধান ১ লাখ ১০ হাজার ৪৮৭ টন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত