সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি

‘‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’—এই অঙ্গীকারকে সামনে রেখে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বেকার যুবকদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

দিনাজপুরের সীমান্তে ১৫ জন বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ইলেকট্রিক টুলস তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

বিজিবি সূত্র জানায়, ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এবং জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়। সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে ৪ সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবির প্রতিটি সদস্য চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি সবসময় মানবিক ভূমিকা রেখে আসছে। ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধারকাজ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি যুবসমাজকে দক্ষ করে তুলতে বিজিবি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে।

প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্তবর্তী শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতার বিকাশ ঘটিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। সনদপত্রের সঙ্গে প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে যেন তারা এই জ্ঞান কাজে লাগিয়ে নিজের এলাকায় কর্মসংস্থান তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের পদক্ষেপ বিজিবির সঙ্গে সীমান্তবাসীর আস্থা ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত