 আলোকপাত

মুহূর্তের মহিমা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

বৃষ্টি বিরতি দিয়েছে। পদ্মপাতায় জমে আছে জলবিন্দু। চারপাশে অদ্ভুত নীরবতা। যেন এতক্ষণ ধরে ঝরে পড়া আকাশ হঠাৎ থেমে গিয়ে অপেক্ষা করছে নতুন কোনো ঘটনার জন্য। পাঁচ বছর আগে আগস্টের এক সকাল। রমনা কালীমন্দিরের পুকুরপাড়ে ক্যামেরা হাতে বসেছিলাম। একা। জলে মাছের আনাগোনা আর সেই টানে জড়ো হয়েছে নানা জলচর পাখি। চোখ এদিক-ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গেল একটি সবুজ বকের ওপর। পাখিটি স্থির, কিন্তু তার চোখ যেন জলের গভীরে খুঁজছে কোনো অদৃশ্য সঞ্চরণ। ক্যামেরা প্রস্তুত। নিঃশব্দ অপেক্ষা।

আচমকাই বকটির মাথা ঝুঁকে গেল জলের তলে। এক মুহূর্ত। পরের মুহূর্তেই ঠোঁটে উঠে এলো একটি পুঁটি মাছ। ঘটনাটি তখনও অপূর্ণ। মৃত্যুর মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার শেষ চেষ্টায় মাছটি ছটফট করে উঠল। মুখ থেকে ছিটকে বেরোল জলের ছটা। বকের ঠোঁট, মাছের বাঁকানো শরীর, জলের রেখা, চারপাশের পদ্মপাতা-সবকিছু হঠাৎ এক অদৃশ্য ছন্দে এসে মিলল। শাটার শব্দ করে চলল টানা দুই-তিন সেকেন্ড। তারপর আবার নীরবতা।

ঘটনাটি কয়েক মুহূর্তের। অথচ ছবিটির জন্য প্রয়োজন ছিল একটি মাত্র ক্ষণ। যে ক্ষণে ঘটনা শুধু ঘটছে না তার সঙ্গে এসে মিলছে গতি, আবেগ, রেখা, বিন্যাস এবং সৌন্দর্য। একটি চলমান দৃশ্য হঠাৎ যেন তার পূর্ণ অর্থ নিয়ে স্থির হয়ে যাচ্ছে। ফটোগ্রাফিতে সেই অর্থপূর্ণ ক্ষণটিই ডিসাইসিভ মোমেন্ট।

ডিসাইসিভ মোমেন্টের সহজ বাংলা নির্ণায়ক মুহূর্ত। কিন্তু আক্ষরিক অনুবাদে ধারণাটির গভীরতা ধরা পড়ে না। একটি ঘটনা শুরু হওয়ার আগে তার মধ্যে থাকে সম্ভাবনা। শেষ হয়ে গেলে থাকে পরিণতি। তাদের মাঝখানে কখনো কখনো এমন একটি ক্ষণ আসে, যখন ঘটনাটি তার সর্বোচ্চ মহিমা নিয়ে হাজির হয়। ঘটনা ও কম্পোজিশন যখন একই ক্ষণে এসে পরস্পরকে সম্পূর্ণ করে তখন সেই ক্ষণটিই হয়ে উঠতে পারে ডিসাইসিভ মোমেন্ট।

এই ধারণাটিকে ফটোগ্রাফির নন্দনতত্ত্বে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেন ফরাসি আলোকচিত্রী হেনরি কার্তিয়ে-ব্রেসোঁ। তার ভাবনায়, ডিসাইসিভ মোমেন্ট যেন সময়ের সঙ্গে এক নীরব বোঝাপড়া। এটি কোনো সাজানো দৃশ্য নয় বরং বাস্তবতার প্রবহমান সময় থেকে সবচেয়ে অর্থবহ মুহূর্তটিকে স্থির করে রাখা। অর্থাৎ ছবি তোলার কাজটি শুধু ’কখন শাটার চাপব’-এই প্রশ্নের উত্তর খোঁজা নয়; তারও আগে জানতে হয় কোন মুহূর্তটি ছবির উপযুক্ত।

এখানেই প্রযুক্তির সঙ্গে দৃষ্টির পার্থক্য। দ্রুতগতির দৃশ্যকে স্থির করতে প্রয়োজন দ্রুত শাটারস্পিড। কন্টিনুয়াস শাটার মোড ও প্রি-ক্যাপচার অপশনের কল্যাণে অনেক ক্যামেরাই এখন মুহূর্তগুলোকে ধরতে পারে সহজে। কিন্তু ঠিক কোন মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে প্রযুক্তি সে প্রশ্নের উত্তর দিতে পারে না। সেই উত্তর খুঁজে পাওয়া যায় ফটোগ্রাফারের অন্তর্দৃষ্টি, পর্যবেক্ষণ, ধৈর্য, পূর্বানুমান এবং নান্দনিক বোধের সম্মিলনে। সেজন্য প্রয়োজন প্রিভিজ্যুয়ালাইজেশন ঘটনাটি ঘটার আগেই সম্ভাব্য ছবিটিকে কল্পনায় দেখতে পারা। কোন মুহূর্তে একটি দৃশ্য তার সর্বোচ্চ অর্থ ও সৌন্দর্য প্রকাশ করবে, তা আগে থেকে অনুভব করা।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে এই অপেক্ষার মূল্য আরও বেশি। একটি পাখি কখন জলে ঝাঁপ দেবে, কখন শিকার ধরবে, কখন ডানা মেলবে কিংবা ঠোঁটে-ধরা শিকারটি কখন শেষবারের মতো ছটফট করবে এসবের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। ফটোগ্রাফার তাই শুধু দৃশ্যের অপেক্ষা করেন না; অপেক্ষা করেন অবিরল দৃশ্যের মাঝে একটি অর্থবহ মুহূর্তের জন্য। এই ছবিতে বকের মাছ ধরাটাই হয়তো মূল ঘটনা। কিন্তু মাছের শেষ ছটফটানি এবং মুখ থেকে ছিটকে বের হওয়া জলকণা সেই ঘটনাকে দিয়েছে প্রাণ, গতি ও নাটকীয়তা; পদ্মপাতায় স্থির জল যেন সেখানে নীরব পটভূমি। স্থির বকের বিপরীতে মাছের অস্থিরতা, পদ্মপাতার নিস্তরঙ্গ জলের বিপরীতে জলের ছটা, শিকারির বিপরীতে শিকার-ফ্রেমের ভেতর তৈরি করেছে এক দৃশ্যগত দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বের মধ্যেই ছবিটি পেয়েছে তার নান্দনিক পূর্ণতা।

তবে ডিসাইসিভ মোমেন্ট মানেই যে সবসময় তীব্র গতি বা নাটকীয়তা, তা নয়। কখনো নির্ণায়ক মুহূর্তটি আসে নিঃশব্দে। দীর্ঘ বিচ্ছেদের পর দুজন মানুষের আলিঙ্গনে কিংবা প্রিয় কাউকে স্মরণ করতে গিয়ে চোখের কোণে জমে ওঠা জলে গতি নেই, নেই দৃশ্যমান নাটক। আছে শুধু এমন একটি ক্ষণ, যখন আবেগ তার সবচেয়ে সত্য, সবচেয়ে গভীর রূপটি প্রকাশ করে।

সময়ের স্রোতে আমরা প্রতিদিন অসংখ্য মুহূর্ত পেরিয়ে যাই। অথচ সব মুহূর্ত সমান নয়। কোনো কোনো মুহূর্ত বদলে দেয় একটি সম্পর্ক, একটি সিদ্ধান্ত, কখনো পুরো একটি জীবন। অথচ সেই মুহূর্তটি আসার আগে আমরা প্রায়ই জানি না এটাই সেই মুহূর্ত। ফটোগ্রাফার শুধু একটু আগে থেকে অপেক্ষা করেন। দেখেন। অনুভব করেন। তারপর সময়ের অবিরাম স্রোত থেকে সেই মুহূর্তটিকে তুলে নেন সেটি মহাকালে মিলিয়ে যাওয়ার আগেই। সেখানে একটি ছবি শুধু মুহূর্তটিকে থামায় না; তাকে দেয় মহিমা। কারণ সেই ক্ষুদ্র মুহূর্তের ভেতরেই কখনো কখনো এসে থেমে যায় একটি সম্পূর্ণ গল্প।

লেখক : আলোকচিত্রী ও ব্যাংক কর্মকর্তা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত