জাপানে রেললাইনে আগাছা পরিষ্কারের সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় চার কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের অন্যতম নিরাপদ রেল যোগাযোগব্যবস্থা হিসেবে পরিচিত জাপানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল। খবর এএফপির।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওর উত্তরে কানুমা শহরের শিন-কানুমা স্টেশনে রেললাইনের আগাছা পরিষ্কার করছিলেন ওই কর্মীরা। এ সময় একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।
এক কর্মকর্তা জানান, জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তিন কর্মীকে ট্রেনের নিচে আটকে থাকতে দেখা যায়। অপর একজন প্ল্যাটফর্মে ছিলেন।
নিহত চারজনই পুরুষ এবং তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানিয়েছে জিজি প্রেস। ট্রেনটিতে থাকা প্রায় ৫০ যাত্রীর কেউ আহত হননি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বগির ট্রেনটি ছিল তোবু নিক্কো লাইনের ‘স্পাসিয়া এক্স’ এক্সপ্রেস। ট্রেনটি বৃহত্তর টোকিও অঞ্চলকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র নিক্কোর সঙ্গে যুক্ত করে। তোচিগি অঞ্চলের শিন-কানুমা স্টেশনে থামার জন্য ট্রেনটি এগিয়ে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ট্রেনটি টোকিওর দিকে যাচ্ছিল এবং স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে।
রেল নিরাপত্তার দিক থেকে জাপানের রেলব্যবস্থার সুনাম বিশ্বজুড়ে রয়েছে। উচ্চমানের রক্ষণাবেক্ষণ, কর্মীদের প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে ট্রেনের ত্রুটি বা দুর্ঘটনায় প্রাণহানি দেশটিতে অত্যন্ত বিরল।
চলতি শতাব্দীতে জাপানের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ২০০৫ সালের এপ্রিলে। ওই সময় ব্যস্ত সময়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দেশটির পশ্চিমাঞ্চলের আমাগাসাকিতে একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। এতে ১০৭ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন।