চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকসেবনে জড়িয়ে পড়ায় ও পরিবারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে দুই যুবককে শাস্তির পরিবর্তে সংশোধনের সুযোগ দিয়ে তাবলিগ জামাতে পাঠিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান তাদের তাবলিগে পাঠান।
তারা হলেন— উপজেলার বোহানগর এলাকার আবুল কাশেমের ছেলে রায়হান (২৩) ও সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে নুর সুলতান ফাহাদ (২৪)।
স্থানীয়রা জানায়, মাদক সেবন ও পরিবারে মাকে মারধরের চেষ্টার বিষয়ে অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিষয়টি ইউএনওর নজরে আসে। এ সময় তারা জানা, প্রায় এক মাস পর তাদের বিদেশে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ নষ্ট না করে তাকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করায় তাকে তাবলিগ জামাতে পাঠানো হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকসেবীদের শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হয় না, তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও দিতে হবে। আশা করি তাবলিগের মাধ্যমে তারা মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।