সাংবাদিক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। তিনি সংগঠনটির স্থায়ী সদস্য। গতকাল সোমবার সিএমজেএফ সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সিএমজেএফ অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, সংগঠনের সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে গত ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে মামলা করেছে ‘এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।’ ‘শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির জালিয়াতি, দুর্নীতি এবং ভুয়া তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ’ নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি প্রকাশিত একটি সংবাদের কারণে এই মামলা করা হয়।
নেতারা বলেন, প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে প্লেসমেন্ট বাণিজ্য, প্রসপেক্টাসে জাল স্বাক্ষরসহ ভয়াবহ জালিয়াতির প্রমাণ মিলেছে। এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ রয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই তদন্ত কমিটি ইতিমধ্যে ‘তদন্ত প্রতিবেদন’ জমা দিয়েছে। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে বর্তমানে বিষয়টি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে চলমান রয়েছে বলে সিএমজেএফ নিশ্চিত হয়েছে।
ফলে সিএমজেএফ মনে করে মামলাটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক এবং প্রতিশোধপরায়ণের পদক্ষেপ। এ ধরনের মামলা দায়ের গণমাধ্যমের কণ্ঠরোধ করার ব্যর্থ অপচেষ্টা। পাশাপাশি এই মামলা শেয়ারবাজারসংশ্লিষ্ট অনিয়ম-দুর্নীতি নিয়ে সাংবাদিকতার একটি প্রচেষ্টাকে স্তব্দ করে দেওয়ার সুপরিকল্পিত অপপ্রয়াস।