মুরাদনগরে আ.লীগের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

কুমিল্লার মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল, শোডাউন ও জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাদেরকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আলীরচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মো.জাহিদুল ইসলাম (২১), দড়িমাছিমপুর গ্রামের মো. ইব্রাহিম (২০), একই গ্রামের নুরুজ্জামান (২১), গাংগাটিয়া গ্রামের মো. সাকিব (১৯), বল্লভদী গ্রামের মেহেদী মমিন সাহেদ (২২) ও ছয়ফুল্লাকান্দি গ্রামের মো. সাইফুল (১৮)। তারা সবাই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সদস্য।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা মঙ্গলবার বিকালে আলীরচর গ্রামের চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে জড়ো হয়ে সংগঠনের পক্ষে মিছিল, শোডাউন ও জনমনে ভীতি সৃষ্টির পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রস্তুতিকালে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এবিষয়ে জেলা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করে বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত