রেডিসন ব্লুতে জমকালো ‘এমস্কয়ার ফেস্ট’

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী লাইফস্টাইল ও জুয়েলারি প্রদর্শনী ‘এমস্কয়ার ফেস্ট’। গত ২৮ আগস্ট শুরু হয়ে গতকাল শনিবার শেষ হলো অভিজাত গহনা ও ওয়েডিং কালেকশনের এই মেলা। মেলায় অন্তত ১৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে মূল আকর্ষণের কেন্দ্রে ছিল জুয়েলারি কালেকশন। মেলাজুড়ে ছিল বিয়ের এক্সক্লুসিভ হিরের গহনা, অ্যান্টিক গোল্ড এবং আনকাট ডায়মন্ডের নান্দনিক সব কালেকশন। এর মধ্যে হাউজ অব বেঙ্গল স্টলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

মেলা ঘুরে দেখা যায়, উৎসবের মৌসুমে বিয়ের কেনাকাটাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে ব্র্যান্ডগুলো বিশেষ ছাড় এবং বিভিন্ন ডিজাইনের সুবিধা দিয়েছে। বিশেষ করে আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখে তরুণী ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে এত বৈচিত্র্যময় ও আভিজাত্যপূর্ণ পোশাক, ফার্নিচার ও গহনার কালেকশন সাধারণত দেখা যায় না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাশন ও জুয়েলারিপ্রেমীদের আধুনিক চাহিদাকে মাথায় রেখেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতেও এই ধরনের এক্সক্লুসিভ ফেস্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

মেলায় অংশগ্রহণকারী হাউজ অব বেঙ্গলের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সানি আহমেদ দেশ রূপান্তরকে বলেন, এটা বিয়ের মৌসুমকে মাথায় রেখে আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এক্সিবিশনে অংশগ্রহণ করার কারণ হচ্ছে, হাউজ অব বেঙ্গলের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরা। পাশাপাশি বসুন্ধরা সিটিতে আমাদের আউটলেট সম্পর্কে ক্রেতাদের অবহিত করা। আমাদের বিভিন্ন ধরনের কিছু ইউনিক কালেকশন রয়েছে। যেমন দুবাই, টার্কিস, জয়পুরি। এমন অনেক কিছু ভ্যারাইটিজ নিয়ে আমরা হাউজ অব বেঙ্গল এক্সিবিশনে এসেছি।

মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। মেলায় অংশগ্রহণ করে এতটুক বুঝতে পারলাম যে, এখানে কাস্টমারের সঙ্গে পরিচয় হওয়া যায়। প্লাস কাস্টমারের চাহিদা বোঝা যায়, যা পরে আমরা কাজে লাগাবে। আসা করছি, সামনের দিনগুলোতে মেলার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব। ক্রেতাদের ভালো সেবা দিতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত