আসন্ন রবি মৌসুমে বোরো ধানবীজ, গমবীজ ও আলুবীজ বিতরণ কৌশল এবং কর্মপরিকল্পনা নির্ধারণসংক্রান্ত কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। রাজধানীর দিলকুশায় সংস্থাটির সদর দপ্তরের সেমিনার হলে দেশের বিভিন্ন অঞ্চলের বীজ বিতরণ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাসহ সদর দপ্তরের বিভাগ ও উইংপ্রধানদের উপস্থিতিতে এ কর্মশালা হয়। এতে বীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণসংক্রান্ত কর্মকৌশল উপস্থাপন করেন সংস্থাটির বীজ বিতরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. সেলিম হায়দার। গতকাল শনিবার সংস্থার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় কর্মকর্তারা বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন সাধন করা না হলে সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই টেকসই হবে না। সুতরাং কৃষিই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকের উন্নয়ন করতে না পারলে আমাদের দায়িত্ব পালনের বিষয়টি নিছক ও অর্থহীন হয়ে পড়ে। সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা উন্নয়নে কৃষকের দোরগোড়ায় বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ আরও কার্যকরভাবে যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।
এতে জানানো হয়, বীজ উৎপাদন হতে শুরু করে সরবরাহ পর্যন্ত নির্ধারিত সব পদক্ষেপ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। মানসম্পন্ন বীজ উৎপাদন ব্যবস্থার পাশাপাশি দেশের কৃষকের চাহিদা অনুযায়ী অঞ্চল উপযোগী ফসলের বীজ মৌসুম শুরুর পূর্বেই কৃষকের নিকট পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে কোনোরূপ হয়রানি ছাড়াই বীজ প্রাপ্তিতে সক্ষম হয় সে লক্ষ্যে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের নির্দেশনা অনুযায়ী অধিকতর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মনিটরিং কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।