ছয় মাসে বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি সরকার : প্রতিমন্ত্রী নুর

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এর দায় বর্তমান সরকারের ওপর না চাপানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কিছুটা সংকট রয়েছে। তবে ছয় মাসের বর্তমান সরকার এসে এ সংকট বা জটিলতা তৈরি করেনি। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই কল্যাণকর হবে না।

পাশাপাশি জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। বিভিন্ন নীতিগত বিষয়ে মতপার্থক্য ও সমালোচনা থাকতেই পারে। তবে এসব বিষয়কে কেন্দ্র করে এমন কর্মসূচি নেওয়া উচিত নয়, যাতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ে। 

সরকারের কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করছেন। দেশের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা চলছে।

আগামী পাঁচ বছরে দেশের উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল হক নুর। তার ভাষ্য, একটি সরকারের মেয়াদে সবকিছু পুরোপুরি বদলে দেওয়া সম্ভব নয়। তবে দেশকে একটি মানসম্মত অবস্থানে নেওয়ার মতো কাজ করা সম্ভব।

দুর্নীতি দমন ও সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতার প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের মাধ্যমে নেওয়া প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা যাচাইয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে এর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা পর্যালোচনা করা হচ্ছে।

জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে নুর বলেন, আগামী পাঁচ বছরে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত