দীর্ঘ ১২ বছরের প্রেমের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পর্ণা আর দাস। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রের সঙ্গে মালদ্বীপে বাগদান সম্পন্ন করেছেন এই গায়িকা। গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে রিসোর্টে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়।
পর্ণার হবু বর রাজীব চন্দ্র পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। আগামী অক্টোবরের দুর্গাপূজার সময় সিঙ্গাপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন পর্ণা।
রাজীবের সঙ্গে প্রায় ১৫ বছর আগে পরিচয় হয় পর্ণার। পরিচয়ের কয়েক বছর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ১২ বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে শুরুতে এই সম্পর্ক মেনে নেয়নি পর্ণার পরিবার। দীর্ঘ অপেক্ষার পর প্রায় দুই বছর আগে পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়।
পরিবারের সম্মতি পাওয়ার পর নিজেদের ক্যারিয়ার গুছিয়ে এবার বিয়ের পথে হাঁটছেন পর্ণা ও রাজীব। বাগদান অনুষ্ঠানে রাজীব পর্ণাকে হিরার আংটি উপহার দেন। অন্যদিকে পর্ণাও রাজীবকে পরিয়ে দেন স্বর্ণের আংটি।
নিজের বাগদান নিয়ে উচ্ছ্বসিত পর্ণা বলেন, ‘এভাবে বাগদান করা আমার ড্রিম ছিল। এটাকে আমি রাজকীয় বলতে চাই না। তবে যেখানে আমাদের বাগদান হয়েছে, সেই জায়গাটা ছিল রাজকীয় এবং ব্যয়বহুল। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করেছি।’
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে পর্ণা বলেন, ‘শুরুতে তার সঙ্গে আমার বিয়ে হবে, এটা চিন্তা করিনি। কারণ আমার পরিবার থেকে মেনে নিচ্ছিল না। গত বছর আমার পরিবার থেকে রাজি হয়েছে। এজন্য আমি অনেক হ্যাপি।’
দীর্ঘ একযুগের প্রেমের পর অবশেষে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পর্ণা ও রাজীব। আগামী পূজায় সিঙ্গাপুরে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন এই গায়িকা।