স্বাধীন তদন্ত সংস্থা গঠন করে ২০০৯-২৪ সালের সব গুমের বিচার দাবি 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম

গুমের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব গুমের অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার এবং গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। 

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধন সমাবশে এ দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি।

রবিবার (৩০ আগষ্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে েউপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- গুমের তদন্ত প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে রেখে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালনা করা এবং অভিযুক্ত বাহিনীকে তদন্তের দায়িত্ব না দেওয়া।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব গুমের অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি গুমের নির্দেশদাতা ও ঊর্ধতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাস্তবায়নে সময়সীমাবদ্ধ ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ গ্রহণ এবং এর অগ্রগতি জনসম্মুখে প্রকাশেরও দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর ‘রাইট টু ট্রুথ’, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে প্রকৃত স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া আয়নাঘরসহ কথিত গোপন আটককেন্দ্রগুলোর প্রমাণ সংরক্ষণ ও নথিভুক্ত করে ভবিষ্যতে এসব স্থানকে স্মৃতি ও ডকুমেন্টেশন সেন্টার হিসেবে সংরক্ষণের দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সম্প্রতি বাগেরহাটে গুমের শিকার মিরাজ শেখের সন্ধান দাবি করেন। একই সঙ্গে ঘটনাটির দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত