খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপে হামলা চালিয়ে সেটিকে ‘ছিন্নভিন্ন’ করে দেওয়ার একটি এআই দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টা পরও খার্গ দ্বীপে কোনো হামলা হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। খবর রয়টার্সের। 

রবিবার (৩০ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ ছিন্নভিন্ন হয়ে গেছে!!! প্রেসিডেন্ট ডিজেটি।’ তবে এর সঙ্গে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

ট্রাম্পের পোস্টে থাকা ভিডিওতে খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। রয়টার্সের যাচাইয়ে দেখা গেছে, এআই-নির্মিত বা কৃত্রিমভাবে পরিবর্তিত ছবি শনাক্ত করতে সক্ষম একটি সফটওয়্যারের বিশ্লেষণ অনুযায়ী ভিডিওটি সম্ভবত কৃত্রিমভাবে তৈরি।
 
ট্রাম্পের এই পোস্টটি খার্গ দ্বীপে হামলার হুমকি ছিল, নাকি সেখানে সত্যিই কোনো হামলা চলছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ভিডিও পোস্টের কয়েক ঘণ্টা পরও দ্বীপটিতে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও নিয়মিত কর্মঘণ্টার বাইরে হওয়ায় তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ট্রাম্পের পোস্ট নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এর আগে জুলাইয়ের পর প্রথমবারের মতো রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে হামলা এবং একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

যুদ্ধ শুরুর আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি খার্গ দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বীপটিতে হামলা হলে ইরানের জ্বালানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং দেশটির অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না। তবে কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে ইরান ‘দৃঢ়ভাবে জবাব’ দেবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত