হাইকোর্টের রায় কার্যকরের অপেক্ষায় আছিয়ার মা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

আসিয়ার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আছিয়ার মা আয়েশা আক্তার। তবে রায় ঘোষণায় খুশি হলেও, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন তিনি। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।

সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, আজকে হাইকোর্ট থেকে ফাঁসির রায় দিয়েছে, এতে আমি খুশি হয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফাঁসির রায় কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমি চাই, দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হোক।

এদিকে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে যেন দণ্ড কার্যকর করা হয়। তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাবে।

রায় কার্যকরের আশঙ্কা জানিয়ে পরিবারের স্বজন ও স্থানীয়রা জানায়, দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের ক্ষমা নয়, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। 

তারা বলেন, আমরা চাই, দ্রুত রায় কার্যকর করা হোক। যদি দ্রুত কার্যকর না হয়, তাহলে অপরাধ এভাবেই বাড়তে থাকবে। তাই এই অপরাধের যেন কোনো ক্ষমা না হয়।

হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরলেও, নিহতের পরিবার ও স্থানীয়দের অপেক্ষা এখন রায় কার্যকরের। তাদের প্রত্যাশা, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে দণ্ড কার্যকর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত