দুমকিতে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে ভর্তি ১৫

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে দ্রুত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে উঠছেনও রোগীরা। গত এক সপ্তাহে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন ডেঙ্গুআক্রান্ত রোগী। তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জ্বর, তীব্র শরীর ব্যথা ও দুর্বলতা নিয়ে আসা রোগীদের ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। শনাক্তের পরপরই চিকিৎসা শুরু করায় রোগীদের দ্রুত সুস্থতা ফিরছে।

হাসপাতালে ভর্তি একজন রোগীর স্বজন লিটন জানান, শুরুতে পরিবারে আতঙ্ক থাকলেও চিকিৎসায় রোগীর অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন বলেন, হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সচেতনতা। বর্ষায় জমে থাকা পানি পরিষ্কার রাখা, আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত