নেপালের ভয়াবহ বন্যার ৯ দিন পর টানেল থেকে উদ্ধার হলো ২ শ্রমিক

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

নেপালে ধ্বংসাত্মক বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে জীবিত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত শ্রমিক আটকা পড়ার নয় দিন পর এই উদ্ধার অভিযান চালানো হলো। খবর বিবিসির।    

টানেলের ভেতরে আরও কয়েকজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে উদ্ধারকারী দল টানেলের ওপরের অংশে একটি গর্ত তৈরি করে দড়ির সাহায্যে ভেতরে নেমেছিল। পাশাপাশি খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং টানেলের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, টানেলের ভেতরে আটকে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টানেলের ভেতর থেকে প্রথমে মানুষের কণ্ঠস্বর শোনার পর উদ্ধারকারীরা চিৎকার করে বলেন, 'আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।' এরপর ভেতর থেকে ক্ষীণ একটি উত্তর আসে-'ঠিক আছে'।   

উদ্ধারস্থলে থাকা নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানিয়েছেন, প্রথম উদ্ধার হওয়া ব্যক্তি সঞ্জয় শাহকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এমন যে তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় উদ্ধার হওয়া ব্যক্তি কবির মহারাজন উদ্ধারের পর হাসিমুখে ছিলেন এবং উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঞ্জয় শাহকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তারে নিয়ে যাওয়া হয়েছে। আর দ্বিতীয় উদ্ধার হওয়া কবির মহারাজনের স্ত্রী কাঠমান্ডুর সামরিক হাসপাতাল ছাউনিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 
নেপালের উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ বন্যার পানিতে টানেলগুলো প্লাবিত হয়ে কাদা ও ধ্বংসাবশেষে ভরে গেছে। এসব বাধা পেরিয়েই উদ্ধারকারীদের ভেতরে ঢুকতে হচ্ছে।  

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ জানিয়েছেন, তাদের ধারণা, টানেলের ভেতরে ৩৯ জন শ্রমিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধারকারীদের আশা, টানেলের ভেতরে আটকে থাকা আরও মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত