নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আবদুল বাছেদ মিয়া (৬৫) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল বাছেদ ভরতের কান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রী শাকিল চৌধুরী (৩৫)।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার দিবাগত রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার বাবার পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আবদুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সকাল ১০ টার দিকে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তারপর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।