শ্রমিকদের অভুক্ত রেখে শিল্পের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালুর দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সাইফুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক ও তাদের পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫ থেকে ২০ দিন চলাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত করা না গেলে শিল্প খাতে প্রত্যাশিত উৎপাদন বাড়বে না এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতাও নিশ্চিত করা সম্ভব হবে না।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে সরকার ও সিটি করপোরেশনকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান সাইফুল হক। সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।
এ সময় শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে নতুন নতুন কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী এবং কেন্দ্রীয় নেতারা।
সভায় আগামী ১৩ নভেম্বর ২০২৬ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন আয়োজনের লক্ষ্যে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে আহ্বায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং ফিরোজ আলীকে সদস্যসচিব করে ২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সভায় ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা কমরেড শাহজাহানের মৃত্যু এবং নেপালে পার্বত্য সুনামিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।