প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অগ্রণী ব্যাংক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে অগ পিএলসি. এর রমনা কর্পোরেট শাখার ৪০৯ নম্বর লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালংকার ‘উধাও’ বা ‘লুট’ হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে একটি অভিযোগকে যেভাবে প্রতিষ্ঠিত ঘটনার মতো উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এ ধরনের উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে প্রতীয়মান।

প্রকৃতপক্ষে, উক্ত লকারটি প্রয়াত হোসনে জাহানের নামে পরিচালিত ছিল। তার মৃত্যুর পর লকারটির নমিনি ফারজানা রহমান লিমা লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে লকারে রক্ষিত যাবতীয় সামগ্রী তার বোন ফারহানা রহমানকে হস্তান্তর করে লকারটি বন্ধ করার বিষয়ে অনাপত্তি প্রদান করেন। সংশ্লিষ্ট ঘোষণাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে লকার-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে।

আরও উল্লেখ্য, পরবর্তী সময়ে তাদের মধ্যে পারিবারিকভাবে সমঝোতা হয়েছে এবং এক বোনের কাছে গচ্ছিত অপর বোনের গহনা তাকে বুঝিয়ে দেওয়ার বিষয়টিও ওই সমঝোতায় উল্লেখ রয়েছে। ফলে পারিবারিক বিরোধের প্রেক্ষাপটে উত্থাপিত একটি অভিযোগকে ব্যাংকের লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালংকার ‘লুট’ বা ‘উধাও’ হওয়ার ঘটনা হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়।

অগ্রণী ব্যাংক পিএলসি. গ্রাহকের স্বার্থ ও সম্পদের নিরাপত্তার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ বিষয়ে উত্থাপিত অভিযোগটিও ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

অগ্রণী ব্যাংক পিএলসি.-এর রমনা কর্পোরেট শাখার লকার থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণালংকার ‘উধাও’ বা ‘লুট’ হয়েছে মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হচ্ছে এবং ব্যাংকের বক্তব্যসহ প্রকৃত তথ্য যথাযথভাবে প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত