বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন ব্যবস্থায় এসব দেশের নাগরিকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে জানিয়েছে ভিসাসংক্রান্ত ওয়েবসাইট ভিসা আপডেট। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে নির্দিষ্ট দেশগুলোর পর্যটকদের এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে।
যেসব দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে, সেই তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নীতিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এ সিদ্ধান্তের সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংস্থানসংক্রান্ত ভিসার কোনো সম্পর্ক নেই। নতুন এই ভিসানীতি কার্যকর হওয়ায় বাংলাদেশি পর্যটকদের আগের তুলনায় ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তনের মুখে পড়তে হবে।