ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের শিশুসহ ১২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বেশকিছু দোকানপাটসহ ৬টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, বগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দ্বন্দ চলে আসছিলে। তারই জের ধরে শনিবার সকাল ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় ঢাল, সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষে শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে সংঘর্ষ সময় উভয় পক্ষের বেশকিছু দোকানপাটসহ ৬টি বাড়ি ভাঙচুর করে লুটতরাজ করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান,খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলিলপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।