মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির কোরাল, ৩৫ হাজারে বিক্রি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলে খালেক মাঝির জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে নেওয়ার পর সেটিকে ঘিরে স্থানীয় লোকজন ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। বিশাল আকৃতির কোরালটি দেখতে মুহূর্তেই আড়ত ও ঘাট এলাকায় ভিড় জমে যায়।

জেলে খালেক মাঝি জানান, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে কোরাল মাছটি জালে আটকা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোরালটিও রামনেওয়াজ ঘাটে এনে নিলামে তোলা হয়।

নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। দর-কষাকষির একপর্যায়ে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. এরশাদ হোসেন প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে ২৫ কেজি ওজনের মাছটি কিনে নেন। এতে মাছটির মোট দাম দাঁড়ায় ৩৫ হাজার টাকা।

মাছ ব্যবসায়ী মো. এরশাদ হোসেন ও মাইনউদ্দিন বলেন, বড় আকৃতির কোরাল মাছের ঢাকার বাজারে চাহিদা রয়েছে। মাছটি ঢাকায় নেওয়া হলে আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হতো। তবে স্থানীয় ব্যবসায়ীরা মিলে খাওয়ার জন্য মাছটি কিনেছেন।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এমন সময়ে বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির খবর। সামনে ইলিশের পাশাপাশি মেঘনা নদীতে আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত