এশিয়া কাপে হকি যুবাদের টানা দ্বিতীয় হার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

আগের ম্যাচের হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের যুবারা। দুই গোল করে সমতাও ফিরিয়েছিল হাসান মাহমুদরা। তবে শেষ কোয়ার্টারে এসে ফের জোড়া গোল খেয়ে হারের মুখ দেখতে হলো বাংলাদেশকে। 

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে যুবারা। এর আগে ম্যাচের চীনের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। টানা এই হারে তাই টুর্নামেন্টে টিকে থাকায় লড়াইটা বেশ কঠিন হয়ে পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। 

ম্যাচের শুরুটা বেশ সতর্কভাবেই করেছিল দুই দল। প্রথম কোয়ার্টার গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণে ধার বাড়ায় মালয়েশিয়া। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। ম্যাচের ২৪তম মিনিটে রিভার্স হিট বা দুর্দান্ত আক্রমণ থেকে বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি পরিশোধ করেন আব্দুল্লাহ ।

 

প্রথমার্ধের বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও তেড়েফুড়ে নামে বাংলাদেশ। ম্যাচের ৩৩তম মিনিটে অসাধারণ এক ফিল্ড বা সমতাসূচক গোল করে স্কোরলাইন ২-২ এ নিয়ে আসেন মেহেদি হাসান ওভি। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত দারুণ লড়াই জমিয়ে রেখে স্কোরলাইন সমতায় রাখে হাসান মাহমুদের দল।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে এসে মালয়েশিয়ার আক্রমণ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশ। এই কোয়ার্টারে আরও দুটি গোল হজম করায় শেষ পর্যন্ত ৪-২ গোলের হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় যুবাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত