ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আগ্নেয়গিরিটির উড়ে আসা ছাই জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের আকাশে শনাক্ত হওয়ার পর কর্র্তৃপক্ষ সব কার্যক্রম স্থগিত করে। জাকার্তার বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানিয়েছে, আকাশে বিশাল এলাকাজুড়ে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ার কারণে যাত্রী সুরক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর বন্ধের কারণে ২২ হাজারের বেশি যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিঙ্গাপুরগামী ও সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটসহ মোট ২০৯টি ফ্লাইট বাতিল বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দোহা, সিডনি ও কয়ালালামপুরগামী আন্তর্জাতিক রুটগুলোও এই পরিস্থিতির শিকার হয়েছে। স্থানীয় বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানায়, অবকাশযাপন কেন্দ্র বালিমুখী অন্তত ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূবিজ্ঞান সংস্থার তথ্য অনুযায়ী, গত শনিবার আনাক ক্রাকাতোয়ায় অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভা উদগীরণের পাশাপাশি বিকট শব্দ উৎপন্ন হয়, যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দেশটির অগ্ন্যুৎপাতসংক্রান্ত সংস্থা জানিয়েছে, গতকাল রবিবারও নতুন করে দুটি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে।