একজন দেশীয় চলচ্চিত্রের একসময়ের তুমুল ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা, অন্যজন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। দুই অঙ্গনের দুই তারকা শাবনূর ও তাসকিন আহমেদকে এবার একসঙ্গে, এক ফ্রেমে দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনিতে। তাসকিন ও তার পরিবারের সঙ্গে তোলা শাবনূরের কয়েকটি সেলফি ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীর কৌতূহলও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
গত শনিবার বাংলাদেশ সময় বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে চিত্রতারকা শাবনূর লিখেছেন, ‘সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টি। আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল। তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’
শাবনূরের এই পোস্ট ও ছবিগুলো নিজের ফেসবুক আইডিতেও শেয়ার করেন তাসকিন।