দীপ্ত টিভির জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ এক এক করে পার করল ডাবল সেঞ্চুরি। গতকাল রবিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হলো নাটকটির দুইশতম পর্বটি। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপড়েন নিয়ে নির্মিত ‘পরম্পরা’। এর কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। মেঘার সঙ্গে নাহিয়ানের দীর্ঘ সময়ের ভালোবাসার সম্পর্কটি এখন এক জটিল রূপ ধারণ করেছে। দুজনের মধ্যে তৈরি হয়েছে প্রচুর ভুল বোঝাবুঝি। আর এজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে মেঘার চাচা আর নাহিয়ানের বাবা। একদিকে ভালোবাসার মানুষের সঙ্গে দূরত্ব, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে ফুফাতো বোন রাশাকে বিয়ে করার চাপ সব মিলিয়ে নাহিয়ানের জীবন এখন গভীর অনিশ্চয়তায়। নাহিয়ান কি পারবে সব বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে নিজেদের ভালোবাসা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে? উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।
আশিস রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগীতা চৌধুরী ও তানভীর রিজভি। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে, দীপ্ত টিভিতে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্ত টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এটি উপভোগ করা যাবে।