ডিলারশিপ নীতিমালার স্পষ্ট ব্যাখ্যা চান ব্যবসায়ীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এর কিছু ধারা বিধানের বিপরীতে সুস্পষ্ট ব্যাখ্যা চায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সম্প্রতি সংগঠনটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। যেগুলোর ব্যাখ্যা না থাকলে সামগ্রিক বিতরণ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বিএফএ।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভিত্তিক সার ডিলার ইউনিটের সংখ্যা নির্ধারণের পাশাপাশি ‘বিদ্যমান ডিলার’ বলতে কাদের বোঝানো হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন। তা না হলে কোনো কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিলার নিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিএফএর মতে, দেশের সব এলাকায় কৃষিজমি, কৃষকসংখ্যা ও সারের চাহিদা সমান নয়। তাই শুধু প্রশাসনিক ইউনিটের সংখ্যা বিবেচনা করে ডিলার নিয়োগ না করে এলাকার কৃষি কার্যক্রম ও সারের প্রকৃত চাহিদা বিবেচনায় নেওয়া উচিত। প্রয়োজনের তুলনায় বেশি ডিলার নিয়োগ করা হলে বিদ্যমান ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে সার বিতরণ ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

ডিলারশিপের আবেদনে সার ডিলারদের দায়িত্ব, জবাবদিহি ও কার্যপরিধি আরও স্পষ্ট করার দাবি করেছে বিএফএ। পাশাপাশি দীর্ঘমেয়াদে সার বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য ডিলারের আর্থিক সক্ষমতা, বিনিয়োগ ও নিরাপত্তা জামানতের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।

ডিলারশিপ নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপের বিধান রাখা হয়নি। তবে এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিএফএর বক্তব্য, ‘একই পরিবার’ বলতে কাদের বোঝানো হবে, তা পরিষ্কার না হলে বাস্তবে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। কারণ একই পরিবারের সদস্যদের পৃথক ব্যবসা, আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে পারে। তাই পারিবারিক সম্পর্কের ভিত্তিতে ডিলারশিপের সুযোগ সীমিত করার ক্ষেত্রে সুস্পষ্ট সংজ্ঞা প্রয়োজন, যা এখানে দেওয়া নেই।

সার বিতরণ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত ব্যবসায়ীদের নীতিনির্ধারণ ও তদারকি প্রক্রিয়ায় সম্পৃক্ত করার দাবিও জানিয়েছে বিএফএ। সংগঠনটি কেন্দ্রীয় সার বিতরণ ব্যবস্থাপনা কমিটি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে সার ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে। তাদের মতে, মাঠপর্যায়ের বাজার পরিস্থিতি ও সার বিতরণের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে ব্যবসায়ীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

বিএফএ চিঠিতে জানায়, সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন অস্পষ্টতা দূর করে স্বচ্ছ ও বাস্তবসম্মত পরিবেশ তৈরি করা হলে একদিকে ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম সুশৃঙ্খল হবে, অন্যদিকে কৃষকদের কাছে সার সরবরাহ ব্যবস্থাপনাও আরও কার্যকর হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত