যুক্তরাষ্ট্রের ফুটবলে আলো ছড়াচ্ছেন দুই ভিন্ন পরিচয়ের বাংলাদেশি মুখ। জাতীয় দলের হয়ে মাঠ মাতানো মিডফিল্ডার শমিত সোম নিজের নতুন ক্লাব নিউ ইয়র্ক কসমসে দেখালেন জোড়া অ্যাসিস্টের দারুণ চমক, অন্যদিকে মেজর লিগ সকারে (এমএলএস) দুই দশকের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।
ইউএসএল লিগ ওয়ানে নিউ ইয়র্ক কসমসের জার্সিতে ফোর্ট ওয়েন এফসির বিপক্ষে ৪-২ গোলের জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলা শমিত সোম। মাঝমাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচে দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন তিনি। ৩৬টি পাসের মধ্যে ৩০টিতে সফল হওয়াসহ তার পাসিং অ্যাকুরেসি ছিল ৮৩ শতাংশ। শুধু আক্রমণ শানানোই নয়, রক্ষণভাগে নেমে ৩টি ট্যাকল ও ক্লিয়ারেন্সের মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণও প্রতিহত করেছেন তিনি।
অন্যদিকে, এমএলএসের ম্যাচে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ম্যাচের ৭৫ মিনিটে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই গোলের সুবাদে ২০০৫ সালে ফ্রেড্ডি আদুর গড়া ১০ গোল অবদানের রেকর্ড ভেঙে ১১ গোল অবদানের নতুন মালিক এখন তিনি।
শুধু তাই নয়, এমএলএসের ইতিহাসে প্রথম টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার অবিশ্বাস্য রেকর্ডও নিজের নামের পাশে লিখেছেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর এই সর্বকনিষ্ঠ সদস্য।